
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি অবৈধ ড্রেজারের পাইপলাইন বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি মো. ফারুক কাজী নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতলী, বলই ও বালিগাঁও এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের জন্য স্থাপন করা তিনটি ড্রেজারের পাইপলাইন শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাইপলাইনগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।
অভিযানের সময় বালিগাঁও এলাকায় অবৈধভাবে ড্রেজার পরিচালনার অভিযোগে ড্রেজার মালিক মো. ফারুক কাজীকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া।
অভিযান প্রসঙ্গে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে আবাদি জমি, রাস্তাঘাট ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।