
আশুলিয়া (ঢাকা) : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণে কবিরপুর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার জেলা পুলিশ কবিরপুরে এ পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করে। ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, “ক্রমবর্ধমান অপরাধ প্রতিরোধ এবং শিল্পাঞ্চলটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নতুন এ ক্যাম্প চালুর ফলে কবিরপুর ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি আরও বাড়বে। পাশাপাশি যেকোনো অপরাধ, নিরাপত্তাজনিত সমস্যা কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সাভার ও আশুলিয়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২১টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।
এছাড়া গুলির ঘটনা, গণপিটুনি, ছিনতাই-ডাকাতি এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার মতো একাধিক ঘটনা ঘটেছে। দ্রুত শিল্পায়ন, কারখানার সংখ্যা বৃদ্ধি এবং বিপুল শ্রমজীবী মানুষের বসতি গড়ে ওঠায় আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ওপর চাপও বেড়েছে।
পুলিশের নতুন এ ক্যাম্পের মাধ্যমে কবিরপুর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।