বরিশালের গৌরনদীতে তাসবিহ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আরাফাত আকন বাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আসাদ সিকারী নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আশোকাঠি ব্রিজের ঢালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরাফাত আকন বাবু গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. হানিফ আকন মাস্টারের ছেলে। আহত মো. আসাদ সিকারীও একই ওয়ার্ডের বাসিন্দা। তিনি এসকেন্দার শিকারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাসবিহ পরিবহনের একটি বাস আশোকাঠি ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই আরাফাত আকন বাবুর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত আসাদ সিকারীকে উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাসবিহ পরিবহনের বাসটি আটক করে গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন ও তার সহযোগীদের কাছে হস্তান্তর করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।