
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাচোঁর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার রাজোর এলাকার লিলি আক্তার (৪২), নয়ন আলী (২৮) ও রওশন জামিল (২৬)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কাতিহার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানের একপর্যায়ে আনসারুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে থাকা লিলি আক্তার, নয়ন আলী ও রওশন জামিলকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধার করা ইয়াবাগুলো মাদক কারবারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। তবে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে কীভাবে জড়িত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।