বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ, রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাটাজোর এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির উদ্বোধনকালে আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বাটাজোরের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে আগে রোপণ করা বিভিন্ন গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং গাছের আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।
কর্মসূচিতে গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বাবু বেপারি, রনি তালুকদার ও কামরুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।
এ ছাড়া গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও সাদ্দাম হোসেন হিরা, গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খান, সাংগঠনিক সম্পাদক সাহারাজ ইসলাম এবং সাবেক আহ্বায়ক ইত্তোসাম পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।