
‘ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সেবাপ্রার্থীদের অভিযোগ-আপত্তি শোনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্ধারিত কোনো শুনানি না থাকা সত্ত্বেও ‘সাপ্তাহিক বৃহস্পতিবার: জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ শীর্ষক গণশুনানির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থী অংশ নিয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন। একই সঙ্গে তাদের বিভিন্ন অভিযোগ, আপত্তি ও সমস্যার কথা শোনা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
গণশুনানিতে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের করণীয়, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া এবং সরকারি নিয়ম-কানুন সম্পর্কে সেবাপ্রার্থীদের অবহিত করা হয়। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি নাগরিকদের সচেতন থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এদিন পিঙ্গলকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে ভূমি বিষয়ক জ্ঞান ও সরকারি ভূমি সেবা গ্রহণে সচেতনতা তৈরির লক্ষ্যে জনউদ্বুদ্ধকরণ প্রচারণা চালানো হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের ভূমি সংক্রান্ত মৌলিক ধারণা, ভূমি সেবা গ্রহণের পদ্ধতি এবং সরকারি সেবার বিষয়ে সচেতন করা হয়।
পরে পিঙ্গলকাঠী বাজারে কিছুদিন আগে উদ্ধার করা সরকারি চান্দিনা ভিটিতে স্থানীয়দের মতামতের ভিত্তিতে দুজন ভিক্ষুককে দোকান করে দেওয়ার জন্য নির্বাচিত করা হয়। তাদের স্বাবলম্বী করে তুলতে স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় দোকান স্থাপনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়। এর মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সামাজিকভাবে সহযোগিতার একটি দৃষ্টান্ত তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক বৃহস্পতিবারের কর্মসূচির অংশ হিসেবে পিঙ্গলকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত করেন এবং ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয়ের আয়োজিত কার্যক্রমে সভাপতিত্ব করেন অভিভাবক সদস্য আ: মালেক আকন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম সরদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি প্রশাসনের এমন গণশুনানি, জনসচেতনতামূলক প্রচারণা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভূমি সংক্রান্ত বিরোধ ও জটিলতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।