
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৫ পিস এবং ২০ পিসসহ সর্বমোট ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সিকিউরিটি অ্যান্ড র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৪) ও পুলিশ। এসব অভিযানে মোট তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফের বাসিন্দা আব্দুল মাজেদ (৩৩), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. নাছির উদ্দীন (৫২) এবং সাভারের ভাটপাড়া এলাকার তৌকির (৩৮)।
এসআরবি-৪ ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালায় এসআরবি-৪-এর সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) এর একটি দল। মহাসড়কের পাশে একমি মেডিসিন ফ্যাক্টরির ৫ নম্বর গেট সংলগ্ন ঢুলিভিটা বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে থেকে আব্দুল মাজেদ ও নাছির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির দাবি, ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া ১ হাজার ৯৮৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, পুলিশ ধামরাইয়ের পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তৌকিরকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ মাদকের চালান সংগ্রহ করে ধামরাই, সাভার, আশুলিয়াসহ ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তারা মূলত স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে এসব ইয়াবা বিক্রি করতেন।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।