
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
‘ডিমে পুষ্টি, ডিমের শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাধারণ মানুষের মাঝে ডিম বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহীম বলেন, “দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রোটিনের ঘাটতি পূরণে ডিমের বিকল্প নেই। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মেধা বিকাশ ও শারীরিক সুস্থতায় প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া অত্যন্ত প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভেটারিনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, ডা. ওয়াহিদুল হক তুহিন এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে সাধারণ মানুষের মাঝে ডিম খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বাড়াতে অতিথিরা উপস্থিত সর্বসাধারণের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।