
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ নিজ বাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
পরিবার ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে মাবুদকে অস্থির দেখাচ্ছিল। এর কারণ তিনি কাউকে বলেননি, পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে তাঁকে তেমন কিছু জিজ্ঞেস করেননি। ঘটনার দিন সকালে মাবুদ ও তাঁর ভাই একসঙ্গে নাশতা করেন। এরপর ভাই একটি সিম কোম্পানিতে চাকরির কাজে বেরিয়ে যান, আর মা নিজেদের কৃষিজমিতে কাজ করতে মাঠে যান। কাজ শেষে বাড়ি ফিরে মা দেখেন, মাবুদ নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাঁকে না ডেকে তিনি দুপুরের রান্না করতে রান্নাঘরে চলে যান।
রান্না শেষে বিকেল সাড়ে তিনটার দিকে খেতে ডাকতে গিয়ে মা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি জোরে ধাক্কা দিলে ভেতরের ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়। এ সময় তিনি ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান। মাবুদ ঘরের বাঁশের সরের সাথে প্লাস্টিকের লাইলন রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে।
তাঁর মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, মাবুদ ছিলেন শান্ত ও নম্র স্বভাবের। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার বা স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাবুদের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।