
রিপোর্ট : মোঃ মাসুদ সরদার
বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মোঃ জাকির হোসেন (৪০)-কে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন বরিশালের উজিরপুর থানাধীন হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীকে তাদের প্রতিবেশী অভিযুক্ত মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে কিশোরী বাড়ির পাশে ডোবার পাড়ে কলমি শাক তুলতে যাওয়ার সময় অভিযুক্ত তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, সদর কোম্পানি বরিশালের আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশালের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।