
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ডিইপিজেড–ভাদাইল সড়কে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল আর অব্যবস্থাপনার মাঝেও মানবিক কাজে অনড় অবস্থান রেখে আলোচনায় এসেছেন স্থানীয় সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কে একটি যাত্রী ছাউনি নির্মাণে তিনি নিজ উদ্যোগে হাত দিলে তা সাধারণ মানুষের মাঝে স্বস্তির বাতাস বইয়ে দেয়।
স্থানীয়দের দাবি, অতীতে এই সড়কের ফুটপাত ও পাশের জায়গা দখল করে প্রায় পাঁচশ অটোরিকশা থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায় করত একটি চক্র। ফলে ফুটপাত দখল, এলোমেলো যানবাহন চলাচল ও স্থায়ী যানজট ছিল নিত্যদিনের ভোগান্তি। পরে ইসরাফিল হোসেনের নেতৃত্বে কয়েকজন তরুণ এলাকাবাসীর সহযোগিতায় ফুটপাত হকারমুক্ত করা হলে পরিস্থিতির উন্নতি ঘটে।
কিন্তু এই মানবিক উদ্যোগের পর থেকেই একটি প্রভাবশালী গ্রুপের বাধার মুখে পড়েন ইসরাফিল—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মাঝে। তারা দাবি করেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ এবং যাত্রী ছাউনি নির্মাণে আপত্তি জানিয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি দলের কিছু অনুসারী। বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
ইসরাফিল হোসেন বলেন, “মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছি। কোনো রাজনৈতিক পরিচয় বা স্বার্থ নেই। শুধু চাই—রাস্তায় হাঁটার মানুষ একটু স্বস্তি পাক।”
স্থানীয় শ্রমজীবী ও কর্মজীবী মানুষরা জানান, একটি যাত্রী ছাউনি হয়তো বড় কোনো স্থাপনা নয়, কিন্তু প্রতিদিন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে চলাচলকারীদের জন্য এটি বড় সহায়তা। তারা আশা করছেন—মানবিক উদ্যোগে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়।
মানুষের মুখের হাসিকে শক্তি হিসেবে নিয়ে ইসরাফিল হোসেন যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন—তা আশুলিয়ায় মানবিকতার নতুন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আর এই উদ্যোগে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে স্থানীয় বিএনপি-সমর্থিত একটি অংশের সমালোচনা চলছে জনমনে—এমনটাই জানান এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।