
ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—প্রতিপাদ্যে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের উদ্যোগ
বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মের আত্মনির্ভরশীলতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু এবং সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর এ আয়োজনের মধ্য দিয়ে গৌরনদীর শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।