
টাঙ্গাইল : “খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। গত ৭ নভেম্বর (শনিবার) স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ডি.পি. মো. আরিফুর রহমান (নবা)।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি এবং দপ্তিয়র ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল-সজীব।
নাগরপুর স্পোর্টিং ক্লাব ও জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সামরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
উদ্বোধনী বক্তব্যে মো. আব্দুল্লাহ আল-সজীব বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।
প্রধান অতিথি মো. আরিফুর রহমান (নবা) তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের মধ্যে ঐক্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম মাঠমুখী হবে, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং স্থানীয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার বিকাশ ঘটবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।