"পাথরেরও পূর্বজন্ম "
--জ্যাকলিন কাব্য
শোনো,আমি বহুদিন জল ছিলাম,
নদীর মতো নত হয়েছিলাম মোহনার কাছে,
ভেবেছিলাম, সমস্ত নিম্নগামিতার শেষেই বুঝি সমুদ্র..
অথচ প্রতিটি তীর আমাকে শিখিয়েছে
কীভাবে নিজেরই স্রোতে ডুবে যেতে হয়।
আমার বুকে এখন যে নৈঃশব্দ্য দেখো,
তা কোনো প্রশান্তির অনুবাদ নয়,
ওখানে একসময় বজ্রপাত হতো,
মেঘেরা গর্জন করত,
আর বৃষ্টিরা জন্ম নিত লবণাক্ত অশ্রুর গর্ভে।
এখন আর কোনো অভিমান জন্মায় না,
কোনো প্রত্যাশা এসে দরজায় কড়া নাড়ে না,
আমি অনুভূতিদের নির্বাসনে পাঠিয়ে
বুকের মধ্যে একটি প্রস্তরযুগ প্রতিষ্ঠা করেছি।
সেখানে হৃদয় আছে,
কেবল তার স্পন্দনের কোনো নাগরিকত্ব নেই।
যারা আমাকে আঘাত করেছিল,
তারা কেউ অস্ত্র হাতে আসেনি—
কেউ এসেছিল আশ্বাসের পোশাকে,
কেউ এসেছিল ভালোবাসার প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে, কেউবা আমার বিশ্বাসের মন্দিরে
নিজের নাম লিখে রেখে গিয়েছিল।
আমি তাদের কাউকেই অভিশাপ দিইনি,
শুধু নিজের ভেতর থেকে একটি একটি করে
জানালা খুলে নিয়েছি।
যাতে আমার অন্ধকারে বাতাস ঢোকে না,
এমনকি আলোও প্রবেশের অনুমতি চায়।
জানো, ক্ষত শুকিয়ে গেলে মানুষ সুস্থ হয় না সবসময়,
কিছু ক্ষত চামড়ার নিচে ভূতাত্ত্বিক স্তরের মতো জমে থাকে; তার ওপর দিয়ে সভ্যতা গড়ে ওঠে,
মানুষ ঘর বানায়,
সংসার সাজায়,
অথচ মাটির গভীরে একটি মৃত আগ্নেয়গিরি
তার অগ্ন্যুৎপাতের তারিখ ভুলে যায় না।
আমাকে এখন আর সমুদ্রএ ডেকো না,
আমি জোয়ারের ভাষা ভুলে গেছি।
আমাকে কোনো বসন্তের সংবাদ দিয়ো না,
আমার বৃন্তে আর ফুল ফোটায় না।
আমি এক নির্বাক শিলালিপি,
যার গায়ে সময় তার নখ দিয়ে লিখে গেছে
পৃথিবীর সমস্ত পরাজয়ের ইতিহাস।
আমি হেরে গেছি পৃথিবীর কাছে নয়, নিজের কাছে।
কারণ, এতকাল যে মানুষটিকে পাথর বলে চিনে এসেছি, তারও কোথাও হয়তো একটি নদী আজও বেঁচে আছে।
আর সেই নদী জানে,
পাথর হওয়া মানে অনুভূতিহীন না ,
কখনো কখনো সমস্ত অনুভূতিকে বহন করতে করতে নদীরও পাহাড় হয়ে যায়..! ????
pc : ChitroChobi Photrography
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।