সারা দেশে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতির ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
সমাবেশ থেকে ছাত্রশক্তির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার; ক্যাম্পাসসহ সারা দেশে নাশকতা ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে মিছিল থেকে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করেছে।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দিনের বেলায় ক্যাম্পাসে হামলায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক তথ্য দিতে পারছে না উল্লেখ করে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, সারা দেশে বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তিনি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান।
জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, গত তিন থেকে চার দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।