
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি সেলুনের নগদ অর্থ আত্মসাৎ, বিক্রির হিসাব গোপন এবং মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিবেক শীল নামে ওই কর্মচারীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানের মালিক তৌহিদুল ইসলাম।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, উত্তর শাহজাহানপুরের ৪৭/৫ খান টাওয়ারের নিচতলায় অবস্থিত ‘জেন্টলম্যান সেলুন অ্যাট স্পা’ প্রতিষ্ঠানে ২০২৫ সালের ১ আগস্ট থেকে কাজ শুরু করেন বিবেক শীল। শুরুতে নির্ধারিত শর্ত অনুযায়ী কাজ করলেও পরবর্তী সময়ে তাকে ক্যাশ ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, ওই দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানের নগদ অর্থ ও হিসাব-নিকাশে বিভিন্ন ধরনের অসংগতি দেখা দিতে থাকে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বিক্রির হিসাব নিয়ে অসংগতি দেখা দেয়। আগস্ট মাসের ১ লাখ ২ হাজার ৯৩০ টাকা এবং সেপ্টেম্বর মাসের ১ লাখ ১ হাজার ৬৬০ টাকা—সর্বমোট ২ লাখ ৪ হাজার ৫৯০ টাকার হিসাব নিয়ে অভিযুক্ত কর্মচারীর কাছে বারবার জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক হিসাব দিতে পারেননি বলে অভিযোগ করেছেন মালিক।
এ ছাড়া অভিযোগপত্রে আরও দাবি করা হয়, বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের ক্যাশ থেকে নগদ টাকা নেওয়া, গ্রাহকদের কাছ থেকে আদায় করা অর্থ যথাযথভাবে জমা না দেওয়া এবং প্রতিষ্ঠানের মালিককে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
অভিযোগে নগদ ১ লাখ ৬৬ হাজার ৬১৫ টাকা আত্মসাতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিক্রির হিসাবের ২ লাখ ৪ হাজার ৫৯০ টাকা নিয়েও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী তৌহিদুল ইসলাম জানান, এসব ঘটনার কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন।
গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি জমা দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
তবে অভিযুক্ত বিবেক শীলের বক্তব্য এবং এ বিষয়ে পুলিশের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।