
বিনোদন প্রতিবেদক : ভালোবাসার মানুষের বিয়ে। চারদিকে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ আর সানাইয়ের সুর। অথচ সেই আনন্দঘন পরিবেশের আড়ালে লুকিয়ে রয়েছে এক প্রেমিকের নিঃশব্দ কান্না। প্রিয় মানুষটিকে অন্য কারও সঙ্গে নতুন জীবনের পথে এগিয়ে যেতে দেখা ছাড়া যেন কিছুই করার নেই তার। প্রেম, বিচ্ছেদ ও হারানোর বেদনায় মোড়ানো এমনই এক আবেগঘন গল্প নিয়ে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী তানজিল মিসবাহ’র নতুন গান ‘কন্যা’।
গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিল মিসবাহ নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রায়। গানটির কথায় ফুটে উঠেছে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, অপূর্ণ ভালোবাসা এবং একজন প্রেমিকের অন্তর্গত হাহাকার। বিয়ের আনন্দের বিপরীতে বিচ্ছেদের বিষাদকে কেন্দ্র করে গানটি সাজানো হয়েছে ভিন্নধর্মী আবেগে।
গানটির গল্প ও আবেগকে পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাণ করা হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন হাসান রনি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে অভিনয় করেছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার।
নতুন গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘গান তৈরির ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি একটি নির্দিষ্ট অনুভূতি বা গল্পকে সুরের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। “কন্যা” গানটির ক্ষেত্রেও সেই ভাবনা কাজ করেছে। গানটির কথা ও সুর তৈরির সময় থেকেই একটি দৃশ্যপট আমার কল্পনায় ছিল। পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে সেই ভাবনাটি পূর্ণতা পেয়েছে। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হয়েছে ‘কন্যা’ গানটি।
ভালোবাসা, বিচ্ছেদ আর না-পাওয়ার অনুভূতিতে সাজানো গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।