
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাল্য বিবাহের অভিশাপ থেকে কন্যা শিশুদের রক্ষা, তাদের শিক্ষার অধিকার নিশ্চিত এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে উপকূলীয় জনপদ খুলনার কয়রায় সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বাল্য বিবাহ বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রকল্পভুক্ত ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী বাল্য বিবাহবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে অংশ নেয়। শিক্ষার্থীদের স্লোগানে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। র্যালি-পরবর্তী বক্তব্যে অতিথিরা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য, অসচেতনতা ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে অনেক কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। অল্প বয়সে বিয়ের ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একটি বাল্যবিবাহ শুধু একজন কিশোরীর স্বপ্নকেই থামিয়ে দেয় না, বরং একটি পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় আমাল ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষায় যে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়।
অতিথিরা সরকারি প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে কয়রাকে শতভাগ বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
র্যালির প্রতি উপজেলার সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেন। এ সময় আমাল ফাউন্ডেশনের মাঠপর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।