প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১০:৩৩ পি.এম
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার

গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প বেশি রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
উন্নয়নের সুফল যেন শুধু শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের অধিকাংশ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে চায় সরকার।একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, নীতিমালা অনুযায়ী ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই করতে হয়।
বিশেষ করে কারিগরিভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে এ যাচাই আরও বেশি জরুরি।তিনি বলেন, অর্থবছরের সময়সীমার সঙ্গে সমন্বয় করতে গিয়ে কোনো কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইয়ের শর্ত পূরণ করতে হবে।
সম্ভাব্যতা যাচাই ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না।
প্রকল্পের আওতায় সেতু নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অতীতে অনেক সেতু নির্মাণের ফলে নদীর প্রশস্ততা ও স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন সেতুর নকশায় নদীর দুই তীরের মধ্যে সংযোগ নিশ্চিত করার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বৈষম্য কমিয়ে একটি সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। শুধু শহরকেন্দ্রিক বিনিয়োগ হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবেন। তাই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন জোনায়েদ সাকি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে পরিবর্তন আসে। কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রোরেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো গুরুত্ব পায়। এবারের একনেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প বেশি এসেছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের প্রকল্প আরও বেশি আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।