প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১০:৪৬ পি.এম
সেকেন্ডহ্যান্ড ফোন চোরাই কি না বুঝবেন যেভাবে

প্রযুক্তিপণ্যের দাম বাড়ায় অনেকেই এখন রিফার্বিশড বা ব্যবহৃত স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। অনলাইন মার্কেটপ্লেস বা দোকান থেকে এমন ফোন কেনার সময় চোরাই ফোন ও প্রতারণার ঝুঁকি থেকে বাঁচতে বিক্রেতার কাছ থেকে ফোনের আইএমইআই নম্বর চেয়ে নিয়ে তা যাচাই করার পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
ফোনের কিপ্যাডে *#06# ডায়াল করলেই এই নম্বর দেখা যায়।কেনার আগে যা করবেন
ইবে, ফেসবুক মার্কেটপ্লেস বা দোকান, যেখান থেকেই ব্যবহৃত ফোন কিনুন, আগে ফোনটি ভালোভাবে পরিষ্কার করে দেখুন এতে কোনো দৃশ্যমান ত্রুটি আছে কি না।
বিক্রেতার কাছ থেকে ফোনের অবস্থা ও ইতিহাস জানার সময় আইএমইআই নম্বরও চেয়ে নিন। এই নম্বর থেকে ফোনের কোনো সন্দেহজনক ইতিহাস আছে কি না এবং ফোনটি কোন কোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে, তা জানা যায়।
আইএমইআই নম্বর কী
প্রতিটি মোবাইল ফোনের সঙ্গে ১৫ অঙ্কের একটি স্বতন্ত্র নম্বর যুক্ত থাকে। একে বলা হয় ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই।
একাধিক ফিজিক্যাল সিম ব্যবহার করা যায়, এমন ফোনে প্রতিটি সিমের জন্য আলাদা আইএমইআই নম্বর থাকে।
নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানে ফোন নিবন্ধন ও শনাক্তকরণের কাজে এই নম্বর ব্যবহৃত হয়। ফোন হারালে বা চুরি হলে সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এই নম্বর দিয়ে ফোনটি ব্ল্যাকলিস্ট করা যায়।
যেভাবে খুঁজে পাবেন
ফোনের বক্স বা প্যাকেজিংয়ে, কাগুজে বা ডিজিটাল রসিদে, নেটওয়ার্ক সেবাদাতার অ্যাকাউন্টে, ফোনের সেটিংসে, কিপ্যাডে *#06# ডায়াল করে।
কোনোভাবেই না পেলে নিজের নেটওয়ার্ক সেবাদাতার সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করা যায়।
বিক্রেতার কাছে নম্বর চাওয়া কেন জরুরি
নতুন বা ব্যবহৃত, যেকোনো ফোন বিক্রির সময় বিক্রেতার উচিত আইএমইআই নম্বর দেওয়া, আর ক্রেতারও তা চেয়ে নেওয়া উচিত। এই নম্বর দিয়ে বোঝা যায় ফোনটি চুরি হয়েছে কি না এবং নির্দিষ্ট নেটওয়ার্কে কাজ করবে কি না। অনলাইনে কেনাকাটায় কোনো বিক্রেতা নম্বর দিতে অস্বীকার করলে সতর্ক থাকুন, কারণ তিনি চোরাই পণ্য বিক্রি করতে পারেন।
শুধু আইএমইআই নম্বর দিয়ে কোনো ফোন হ্যাক বা ট্র্যাক করা সম্ভব নয়। তবু বিক্রেতার উচিত কেবল প্রকৃত ক্রেতাকে ব্যক্তিগত বার্তায় নম্বরটি দেওয়া। সতর্কতা হিসেবে ক্রেতারও সেই কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষণ করে রাখা উচিত।
নম্বর পাওয়ার পর কী করবেন
নম্বরটি বৈধ কি না এবং ফোনটি চুরি বা হারানোর অভিযোগ নথিভুক্ত আছে কি না, তা যাচাই করে নিন। যাচাইয়ের জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে। কিছু সাইট ফি নেয়, কিছু বিনামূল্যে সেবা দেয়। ফিশিং প্রতারণা এড়াতে যে সাইটই ব্যবহার করুন, আগে সেটি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।