প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ২:৪৬ পি.এম
চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: স্বাধীনতার ৫৪ বছর পর চিলমারী উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪ ডিসেম্বর চিলমারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চিলমারী হানাদার মুক্ত দিবসের শুভ উদ্বোধন করা হয়।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু এবং চিলমারী যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুবসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজনেরা।
অনুষ্ঠানে বক্তারা চিলমারীর হানাদার মুক্ত দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মদানেই দেশ শত্রুমুক্ত হয়েছে। চিলমারীও সেই গৌরবময় ইতিহাসের অংশীদার। বক্তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, এই দিবস নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে শ্রদ্ধা জানানো হয় এবং হানাদার মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।