প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১১:৪১ পি.এম
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব ৫ দিনের রিমান্ডে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন।
এদিন বিকেলে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পরিদর্শক মো. হাবিবুর রহমান। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৫ মিনিটে এক প্রবাসী ব্যবসায়ী বাদী জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় যান।
দুপুর ১২টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় গ্রেপ্তারকৃত আসামি মুফতি রুহুল আমিন এজাহারনামীয় অন্যান্য আসামিকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে।
উপস্থিত মুসল্লিরা তাকে এ কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
রিমান্ড আবেদনে বলা হয়, মুফতি রুহুল আমিনের নির্দেশে এজাহারনামীয় ২ নম্বর আসামি হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করে চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম করেন। এতে বাদী ডান চোখে দৃষ্টিশক্তি হারান।
এছাড়া এজাহারনামীয় অন্য আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ফোলা জখম করেন এবং ২ নম্বর আসামি বাদীর পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে নেয়। এ ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আসামিদের আঘাতে গুরুতর আহত হন এবং আসামিরা মসজিদের ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেন।
মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার গহরডাঙ্গা গ্রামে এবং তার বাবার নাম প্রয়াত মুফতি সামছুল হক। তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।