
নিজস্ব প্রতিবেদক : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় দায়ের করা এজাহারে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার এক আসামি আব্দুল বারেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার রেজা ফ্যাশন কারখানার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল বারেক ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট গ্রামের মৃত পণ্ডিত আলীর ছেলে।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী ও এজাহারের কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২১ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
মামলাটিতে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ৩৪ ও ১১৪ ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। নথি অনুযায়ী, হত্যাকাণ্ডের ঘটনায় বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়।
এদিকে, দীর্ঘদিন পর মামলার এক আসামি হিসেবে আব্দুল বারেককে আটকের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলায় তার সুনির্দিষ্ট ভূমিকা কী এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
অন্যদিকে, আটকের বিষয়ে সিএসআই মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আব্দুল বারেককে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।