প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১০:০৯ পি.এম
মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি ভুয়া ট্রাভেল এজেন্সির মালিক এইচ এম জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ৮৭ নম্বর ঠিকানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিএমইটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।
এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন তিনি।এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’।
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছেন, এমন কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত হওয়া যাবে না।
মন্ত্রণালয় ও বিএমইটি জানিয়েছে, অভিবাসন খাতে প্রতারণা বন্ধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।