প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ১:৪০ এ.এম
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণেও ফল পরিবর্তন হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ জিপিএ-৫ পেয়েছেন। শুধু ফল পরিবর্তন হয়েছে বলেই বিষয়টি শেষ হয়ে যায় না।
কেন পরীক্ষার্থীদের ফল পরিবর্তন হলো, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পরীক্ষকেরা উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছেন কি না, তা যাচাই করতে হবে।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরও একই ধরনের ঘটনা ঘটেছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের যেসব উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হয়েছে, সেগুলো অন্য বোর্ডে পাঠিয়ে আবার মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, পুনরায় মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তনের কারণ চিহ্নিত করতে চাই।
পুনরায় যাচাইয়ে যদি দেখা যায় পরীক্ষকের ভুলের কারণে শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষককে শাস্তির আওতায় আনা হবে। আর যাদের প্রশিক্ষণের প্রয়োজন, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করা জরুরি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো করেও যদি পরীক্ষকের ভুলের কারণে প্রত্যাশিত ফল না পান, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। একইভাবে যথাযথ মূল্যায়ন ছাড়া কাউকে ভালো ফল দেওয়ার সুযোগও থাকা উচিত নয়। পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে।
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।