প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৩৫ পি.এম
নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল মিয়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। নিহতের পরিবার জানায়, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বরজনিত সমস্যায় ভুগছিলেন জুয়েল মিয়া।
গত ৯ ডিসেম্বর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিক্যাল কর্মকর্তা ডা. আজিমুল সাদাত সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। দায়িত্বরত নার্সরাও একাধিকবার মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু চিকিৎসক সুমনের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে চিকিৎসকের অনুপস্থিতিতে ভোর ৪টার দিকে মৃত্যু হয় জুয়েল মিয়ার।
ঘটনার পর দায়িত্বে থাকা চিকিৎসক কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন। পরে তার সঙ্গে সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
দায়িত্বরত নার্স অমৃতা হাজং বলেন, ‘আমরা স্যারকে অনেকবার ডাকাডাকি করেছি, কিন্তু উনি আসেননি। এটা খুবই দুঃখজনক।
অন্তত রোগীটাকে একবার দেখে যেতে পারতেন।’ আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে ডা. আজিমুল সাদাত সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।