
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয় এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক শালীনতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উভয় পক্ষই নির্বাচনী এলাকায় সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।