
ঠাকুরগাঁও প্রতিনিধি : “সাথে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?”—এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক দলের সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান অভিযোগ করে বলেন, বিএনপি ও জামায়াত যখন একসাথে ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার দাবি করেছেন—জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের নামে অন্যায় বিচার করা হচ্ছে। কিন্তু এখন তিনি জামায়াতকে নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছেন।তিনি আরও বলেন, বয়সজনিত কারণে বর্ষীয়ান এই নেতা অনেক সময় “ভুলভাল কথা” বলেন বলেও মন্তব্য করেন রাশেদ প্রধান। তার ভাষায়, “কখনো বলেন জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ আফগানিস্তান হবে, আবার কিছুদিন আগে বলেছেন পাকিস্তান হয়ে যাবে—একেক সময় একেক কথা বলেন।”
বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়েও দেশের মানুষ আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো হতে চায়নি। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনে পালিয়ে যেতেও চায় না। আমরা বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত করতে চাই।” ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন সম্পর্কে রাশেদ প্রধান বলেন, তিনি “উড়ে এসে জুড়ে বসেননি”। তার দাবি, দেলোয়ার হোসেন জীবনের পাঁচ বছরের বেশি সময় কারাগারের অন্ধকার কক্ষে কাটিয়েছেন এবং রিমান্ডের নামে টানা ৫০ দিনের বেশি নির্যাতন সহ্য করেছেন।
নির্বাচনি সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।