প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৬:৪৩ পি.এম
আশুলিয়ায় জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত যুবলীগ ক্যাডার রবি গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি কুখ্যাত যুবলীগ ক্যাডার রবিউল ইসলাম ওরফে রবি (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে ইয়াবা সেবনকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রবি জাল জালিয়াতি মামলার দুটি ধারায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। রোববার ভোররাতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবি আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পতিত স্বৈরাচারের আমলে রবিউল ইসলাম রবি জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে এবং অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের জমি দখল করতেন। তার বিরুদ্ধে জমি দখল, নারী ধর্ষণ, হত্যা চেষ্টা ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এছাড়াও ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল বলে জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।