
রংপুর : স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। তিনি বলেন, “আপনারা সহযোগিতা করবেন। কোথাও যদি কোনো ধরনের কারচুপি বা অনিয়ম দেখা যায়, আমাদের জানাবেন—আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এটি একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হবে বলে আশা করছি।”
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে জায়গায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের মতবিনিময় সভায়ও এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।