
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিল করেছেন হাজারো মানুষ।
সোমবার বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পুণরায় সরকারী কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, ফুলবাড়ী-পার্বতীপুরসহ দেশের নেতৃত্ব কার হাতে যাবে সেই বিষয়টি বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করবে, না কি সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য বাড়বে—সে সিদ্ধান্ত ভোটারদের নিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের নেতৃত্ব মৌলবাদী ও উগ্রপন্থীদের হাতে যাবে, না কি প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিকদের হাতে থাকবে—এ বিষয়েও জনগণকে সচেতন হতে হবে। দেশ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম, যুবদলের আহ্বায়ক আবু সাইদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাছান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছুর রহমান নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলে বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।