
নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হলেও সকাল ৭টার দিক থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
সকাল বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। কয়েকটি কেন্দ্রে নারী ভোটারের অংশগ্রহণ তুলনামূলক বেশি দেখা গেছে। সময় গড়ানোর সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পায়।
রামসিদ্ধি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা ধীরস্থির ও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।
দেলোয়ার সরদার বলেন, ‘অনেকদিন পর মনে হচ্ছে ভোটটা সত্যিই নিজের মতো করে দিতে পারছি। কোনো চাপ বা তাড়াহুড়া নেই।’
শিউলী বেগম বলেন, ‘নিরাপদ পরিবেশ পেয়েছি বলেই কেন্দ্রে এসেছি। লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছি।’
নতুন ভোটার জান্নাতুল ফেরদৌস বলেন, ‘প্রথম ভোট দেয়ার অভিজ্ঞতা অন্যরকম। দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে।’
ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রসংলগ্ন এলাকায় টহল জোরদার রাখা হয়েছে এবং অপ্রয়োজনীয় জটলা এড়াতে তৎপরতা দেখা গেছে।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন।
দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কোথাও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীম জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট ১২৯ ভোটকেন্দ্রের ৭১০টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে গৌরনদীতে রয়েছে ৬৯টি কেন্দ্র ও ৩৬৯টি ভোটকক্ষ এবং আগৈলঝাড়ায় রয়েছে ৬০টি কেন্দ্র ও ৩৪১টি ভোটকক্ষ। গৌরনদীর সব ভোটকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
সব মিলিয়ে বরিশাল-১ আসনে উৎসবমুখর ও নিয়ন্ত্রিত পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।