
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা এক ব্যক্তিকে ধরে গণধোলাই দেয়।

এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে অভিযুক্তরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, কয়েকজন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদা দাবি করছিল। অভিযোগ রয়েছে, তারা নিজেদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী হিসেবে পরিচয় দেয়।
সোহাগ পরিবহনের একটি বাস থেকে টাকা নেওয়ার সময় চালক ও হেলপার প্রতিবাদ করলে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাসের যাত্রীরাও নেমে এসে অভিযুক্তদের ধাওয়া দেন। এতে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা এবং তাকে গণপিটুনি দেওয়া হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের পৌঁছানোর আগেই বেশ কয়েকজন অভিযুক্ত সটকে পড়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাতে গণমাধ্যমকে জানান, ‘বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চাঁদাবাজির খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওই যুবকদের চেনেন না বলে দাবি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।