
সাভার (ঢাকা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে ধানের শীষের এক এজেন্টের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শহীদ মজনু একাডেমি কেন্দ্র-এ ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আজিজুল হাকিম, সহ-সভাপতি, ১ নম্বর ওয়ার্ড সাভার পৌর যুবদল। অভিযোগ রয়েছে, ভোট গণনা শেষে ফলাফলের রেজাল্ট শীট ধানের শীষের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র কাছে জমা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগে স্থানীয় সাজু, মিজান ও মুরাদের নাম উল্লেখ করা হয়েছে। হামলায় গুরুতর আহত হন আজিজুল হাকিম। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে একজন দায়িত্বশীল এজেন্টের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে।