
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী, ঢাকা-১৯ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণের কাজ শুরু করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৯-এর বিভিন্ন সড়ক ও প্রধান এলাকায় ছড়িয়ে থাকা পুরনো নির্বাচনী ব্যানার অপসারণের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডা. সালাউদ্দিন বাবু বলেন, “আমরা চাই ঢাকা-১৯ কে একটি গ্রীন সিটি ও ক্লিন সাভারে রূপান্তরিত করতে। এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে না, পরিবেশ সচেতনতা ও নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনের পথও সুগম করবে।”
নির্বাচনী ব্যানার অপসারণের কাজের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক ও যুবসমাজও যুক্ত হয়েছে। তারা ব্যানার সরানোর পাশাপাশি স্থানগুলোকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে। ডা. সালাউদ্দিন বাবু আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ঢাকা-১৯-এর প্রতিটি এলাকা পরিষ্কার, সবুজ ও আরও বাসযোগ্য হয়ে উঠবে।
তিনি আরও বলেন, “প্রকৃতি রক্ষা ও পরিচ্ছন্ন শহর নির্মাণ আমাদের সকলের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করছি।”
ঢাকা-১৯ আসনের জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই বলেছেন, এটি শুধু পরিবেশ রক্ষা নয়, এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহগুলোতে আরও ব্যাপক পরিচ্ছন্নতা ও সবুজায়ন অভিযান চালানো হবে বলে জানা গেছে।