প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৮:৫৪ পি.এম
ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলার মধ্যে আয়তনের দিক থেকে অন্যতম বৃহৎ থানা ধামরাই থানা। প্রায় ৩০৪ বর্গকিলোমিটার বিস্তৃত এ থানার অধীনে রয়েছে ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট ৪০৮টি গ্রাম নিয়ে গঠিত এ এলাকায় বসবাস করেন প্রায় ৬ লাখেরও বেশি মানুষ। এছাড়াও এখানে রয়েছে প্রায় দেড় শতাধিক শিল্প প্রতিষ্ঠান।
থানা এলাকার মাঝখান দিয়ে প্রায় ২০ কিলোমিটার জুড়ে চলে গেছে গুরুত্বপূর্ণ ঢাকা-আরিচা মহাসড়ক। আইনশৃঙ্খলা রক্ষায় এত বিশাল এলাকার দায়িত্ব পালনে ধামরাই থানার অধীনে রয়েছে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র (পুলিশ ফাঁড়ি)।
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় আগে ৭টি পিকআপ ও ১টি প্রিজন ভ্যান ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ৫টি পিকআপ ও ১টি প্রিজন ভ্যান পুড়ে যাওয়ায় বর্তমানে তীব্র যানবাহন সংকটে পড়েছে থানা কর্তৃপক্ষ।
জানা গেছে, যানবাহনের অভাবে পুলিশ নিয়মিত টহল, অভিযান পরিচালনা এবং অপরাধীদের গ্রেফতারে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক গাড়ি না থাকায় একদিকে ভিআইপি প্রটোকল, অন্যদিকে নিয়মিত টহল ও জরুরি অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ফলে পুরো থানা এলাকায় মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও যানবাহন স্বল্পতার কারণে নিয়মিত ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়ভাবে লেগুনা ও সিএনজি ভাড়া করে প্রতিরাতে ৯টি পুলিশি টিম টহলে রাখতে হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন সরবরাহ করা হলে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।