
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ। দীর্ঘ প্রতীক্ষা ও অবহেলার পর অবশেষে সেতুটির অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে এলাকার মানুষের পক্ষে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
গত ৬ মার্চ ২০২৬ তারিখে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া বরাবর আবেদনটি জমা দেন দড়িকান্দি গ্রামের বাসিন্দা সমাজসেবক মো. দেলোয়ার হোসেন খান ও অবসরপ্রাপ্ত সুবেদার মো. ফারুক কামাল।
অভিযোগ সূত্রে জানা যায়, জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রাম হয়ে মজিদপুর ইউপি অফিস (শাহপুর) সড়কের দড়িকান্দি এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী সেতুটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান বাকি অংশ অসমাপ্ত রেখেই কার্যত কাজ বন্ধ করে দেয়।
এর ফলে প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সেতুটি দিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদরাসা, একটি ভোটকেন্দ্র ও একটি গ্রাম বাজারে যাতায়াত করেন হাজারো মানুষ। কিন্তু নির্মাণকাজ বন্ধ থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পুরোনো জরাজীর্ণ কাঠের সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে সেতুর কাজ বন্ধ থাকায় দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজও থমকে গেছে। বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য টেন্ডার সম্পন্ন হলেও সেতুর সংযোগ না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারছে না।
স্থানীয়দের অভিযোগ, দড়িকান্দি একটি জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়ক ও সেতু প্রকল্প অবহেলায় পড়ে আছে। প্রশাসনের দায়িত্বশীল মহলের তদারকির অভাবেই সেতুটির কাজ মাঝপথে থেমে আছে বলে মনে করছেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, “কাজ শুরু করে ফেলে রেখে চলে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হলে জনগণের দুর্ভোগ কোনোদিনই কমবে না।” তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সেতুর অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
দড়িকান্দি এলাকার বাসিন্দাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে শুধু দুর্ভোগই নয়, যেকোনো সময় বড় দুর্ঘটনার দায়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। তাই জনস্বার্থে বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।