সাভার (ঢাকা) : ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার সাভার এলাকায় সক্রিয় হয়ে ওঠা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৪।
এ সময় তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে র্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সাভার থানাধীন রাজ্জাক প্লাজার সামনে ফুটপাথে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় তাদের আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবিরের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার মো. হালিউজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ছিনতাইকারীদের হাতে নাতে ধরা হয়। তারা সুইচ গিয়ার চাকুর ভয় দেখিয়ে জহিরুদ্দিন (২১) নামে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল।
গ্রেফতারকৃতরা হলেন— সাভারের জামসিং এলাকার মো. মুরাদ হোসেন মুন্না (২১), মানিকগঞ্জের কাউগ্রামের শেখ শাহিম (২২), লালমনিরহাট সদর উপজেলার গোয়ালা বাজার এলাকার মো. বাবু (২৮) এবং একই এলাকার মো. রমজান হোসেন (২৬)। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। ঈদকে সামনে রেখে সাভারসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।