
ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। কারখানা স্থানান্তরের কারণে শ্রমিকদের হয়রানি বন্ধ এবং শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (NGWU)-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন উইলিয়ামস সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় কয়েকশ শ্রমিক অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।
শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটির কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। তবে নতুন স্থানে গিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান শ্রমিকরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাসের কারণে অনেক শ্রমিকের সন্তানরা স্থানীয় স্কুল-কলেজে পড়াশোনা করছে এবং অনেকেই এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। হঠাৎ করে কারখানা স্থানান্তর করা হলে তাদের পরিবার নিয়ে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে।
শ্রমিকদের আরও অভিযোগ, নতুন স্থানে যেতে অপারগতা প্রকাশ করলে কর্তৃপক্ষ তাদের চাকরি থেকে পদত্যাগ করে চলে যেতে চাপ দিচ্ছে। এতে করে শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।
এ সময় সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান এবং ভুক্তভোগী শ্রমিক মো. সাহজাহান ও মো. রাজা মিয়া।
বক্তারা বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গেলে উল্টো হুমকি-ধামকি ও ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এসব হয়রানি বন্ধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধ এবং তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
এ সময় শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, শ্রমিকদের দাবি দ্রুত মেনে না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিকরা বাইপাইল মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।