
ঢাকার আশুলিয়া এলাকায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নেওয়ার পর রেজিস্ট্রি না দিয়ে প্রতারণা এবং হামলার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোঃ মামুন (৩৭) অভিযোগ করে জানান, তিনি বর্তমানে আশুলিয়ার বেরণ মানিকগঞ্জপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ‘মাইশা জেনারেল স্টোর’ নামে একটি মুদি ও বিকাশের দোকান পরিচালনা করেন। প্রায় সাড়ে তিন বছর আগে একই এলাকার মোঃ কাইয়ুম হাসান রতন তার বসতবাড়ির ৩ শতাংশ জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে ৩০ লাখ টাকা গ্রহণ করেন। এ বিষয়ে লিখিত চুক্তিনামা ও চেকও রয়েছে বলে জানান তিনি।
কিন্তু দীর্ঘদিন পার হলেও জমি রেজিস্ট্রি করে না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে আসছেন বলে অভিযোগ করেন মামুন। সম্প্রতি জমি রেজিস্ট্রির বিষয়টি নিয়ে চাপ দিলে গত সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে কাইয়ুম হাসান রতনসহ কয়েকজন তার দোকানে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

মামুনের দাবি, অভিযুক্তরা তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার স্ত্রীর উপরও হামলা চালায়। এ সময় তার স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। এছাড়া দোকানের ক্যাশবক্সে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে জানান ভুক্তভোগী।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী মোঃ মামুন আশুলিয়া থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।