
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে একটি ঝুট গোডাউন ও কলোনির ৪৬টি ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার দিবাগত রাত ১টা ১৯ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।
অগ্নিকাণ্ড নিয়ে ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় রাত ১টা ১৯ মিনিটে একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈরসহ আশপাশের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরও জানান, আগুনে কলোনির ৪৬টি ঘর ও একটি ঝুট গোডাউনের মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।