
মোঃ রবিউল ইসলাম সিয়াম : রাজধানীর ঢাকা কলেজ ও সেন্ট্রাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়া হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সংঘর্ষের সময় সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবশেষ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কী কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ রানা এনটিভি অনলাইনকে বলেন, এপর্যন্ত ঢাকা মেডিকেলে ১৫ জন চিকিৎসা নিতে আসছে। এরই মধ্যে আইডিয়ালের তিন জন রয়েছে। আহতরা হলেন, ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো. শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।