
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল রেল রুটে ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কলেজ রোড সংলগ্ন সোনাখালি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-গামী একটি ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকটি ঘটনাস্থলেই মারা যায়। তার পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি, এবং গায়ের রঙ ফর্সা বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনাটি ঠিক কোন ট্রেনে ঘটেছে তা স্থানীয়রা নিশ্চিত করতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে একাধিক ট্রেন ওই রেল রুট দিয়ে যাতায়াত করেছিল।
গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের রেল পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সেতাবুর রহমান জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, “ভোর থেকে একাধিক ট্রেন এই রুট দিয়ে যাতায়াত করেছে। কোন ট্রেন থেকে যুবকটি পড়ে মারা গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এ দুর্ঘটনার পর স্থানীয়রা রেল কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যেন ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ করা যায়। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।