
নাহিদ হাসান হৃদয়, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার থেকে ঢাকার আশুলিয়ায় একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আসামিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
এর আগে, বুধবার রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকার সমশের প্লাজা সংলগ্ন নুরুল আমিন মণ্ডলের মালিকানাধীন রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ এবং উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি দল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, মামুনুর রশিদ, আসলাম শেখ, দবির উদ্দিন ফকির, ছাইদুল ইসলাম, সুমন মোল্লা, অন্তর শেখ, সুরমান মণ্ডল, কায়েস, আব্দুল আলীম ও আফসারুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে তারা জুয়া খেলার কথা স্বীকার করেছে।
ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।