
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মো. আল আমিন সরকার, পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মো. সাইদুল ইসলাম ওরফে মদন, মো. ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক মো. হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকার। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী এ তথ্য জানিয়েছেন। থানার ওসি জানান- সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গাড়াদহ পাল পাড়ার হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে।
ঐ মামলার সূত্র ধরে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।