মাদারীপুর : মাদারীপুরে দ্রব্যমূল্যে সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেন্ডিতলা এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা হাতে নিয়ে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি ফারুক ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, আজ বাংলাদেশে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি। দেশের গরীব-দুঃখী মানুষ ভালো নেই। তারা খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতেই আমাদের এই আন্দোলন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বিএনপির কর্মসূচি চলাকালীন কোনো বাধা সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে একটি মিছিল করে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে পুলিশ তা নজরদারিতে রাখে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।