
সাভার (ঢাকা) : সাভার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি নাদিম হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, বিকাল সাড়ে ৪টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ৪০ বছরের নাদিম বাবা-মা, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবার জানায়, ৪ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নাদিম হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার গভীর রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বিকালে সেখানেই তিনি মারা যান।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত নাদিম হোসেন সাভার প্রেস ক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তরুণ ও প্রতিশ্রুতিশীল এই সাংবাদিকের অকাল প্রয়াণে সাভার প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, নাদিম হাসান একজন তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তিনি একাধারে একজন গুণী সাংগঠনিক ব্যক্তিত্বও ছিলেন। তার এই অকাল মৃত্যু সাভারের সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেস ক্লাবের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।