
গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার টরকী নিলখোলা পানের আড়তের পেছনে এসব বস্তু পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় গৌরনদী মডেল থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে বেশ কিছু হাতবোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম ও গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম।
উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বরিশাল থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে আসছে বলে জানা গেছে।
তবে এসব বস্তু উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছিল এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।