
মোঃ আল আমিন ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় ইব্রাহিম প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে কয়েক শতাধিক নারী, পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবক বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এবং ধামসোনা সমাজ কল্যাণ সংস্থা, গ্লোবাল উইমেন অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন ও হেল্পস্টার চ্যারিটির সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপদেষ্টা মোঃ জসিম উদ্দীনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ভাদাইল এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার মানুষ অংশ নেন।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, অবস অ্যান্ড গাইনি, নাক-কান-গলা, চক্ষুরোগ, শিশুরোগ, চর্ম ও যৌনরোগ, দন্তরোগ বিভাগসহ কার্ডিয়াক স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক এবং গ্লোবাল উইমেন অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোস্তারী মোরশেদ স্মৃতি ও মোঃ মাহবুব হাফিজসহ অন্যান্য অতিথিরা।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।