
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া: ঢাকার আশুলিয়ায় রিকশাচালক ও দুই নারী যাত্রীকে মারধরের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলা, মারধর, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সহকারী সম্পাদক মো. সোহেল রানা (৩৪) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ইনচার্জ) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার শাহজালাল নগর বাস কাউন্টারের সামনে সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক সোহেল রানা। এ সময় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকজন শ্রমিক এক অটোরিকশাচালক ও দুই নারী যাত্রীকে মারধর করছেন—এমন দৃশ্য দেখে তিনি ভিডিও ধারণ শুরু করেন।
অভিযোগে বলা হয়, ভিডিও ধারণ করতে দেখে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে লাঠি ও হেলমেট দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম ও রক্তাক্ত আঘাতের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোহেল রানার দাবি, হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করেন। আত্মরক্ষার জন্য হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর বাম হাতে গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তাঁর কাছে থাকা নগদ ১১ হাজার টাকা, আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি হেড ক্যামেরা এবং আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি ড্রোন ক্যামেরা নিয়ে যাওয়া হয়। হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আহত সাংবাদিক চিকিৎসা গ্রহণের পর স্বজনদের সঙ্গে আলোচনা করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. রাসেল (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।